প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রায়পুরের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল ইহসান আল-ইসলামিয়া।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জিনের মসজিদ সংলগ্ন পীর ফয়েজউল্যা সড়কে অবস্থিত মাদ্রাসাটির শিক্ষক ও শিক্ষার্থীরা পথচারীদের মাঝে ঠান্ডা মিষ্টি শরবত বিতরণ করেন।
তীব্র গরমে রাস্তায় চলাচলকারী মানুষ এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন। অনেক পথচারী হঠাৎ এমন আপ্যায়নে আনন্দিত হয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
আয়োজকরা জানান, গরমে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই তাদের এই ছোট উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে বলেও জানান তারা।
স্থানীয়রা বলেন, প্রচণ্ড দাবদাহের মধ্যে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং এটি সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেবে।