
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পবিত্র ঈদ উপলক্ষে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চালের বস্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান থাকায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ নম্বর চর কালকিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সরকারের পক্ষ থেকে চর কালকিনি ইউনিয়নের চার হাজার অসহায় পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।
চাল বিতরণের সময় দেখা যায়, কয়েকটি বস্তায় লেখা রয়েছে— “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।” রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি ত্রাণের বস্তায় এমন স্লোগান দেখে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
চালের বস্তায় এ স্লোগান থাকায় বিতরণকাজে অংশ নেওয়া সরকারি তদারকি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হয় বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা খাদ্য ভাণ্ডার পরিদর্শক নিশাদ জাহান বলেন, গুদাম থেকে চাল সরবরাহের সময় সাধারণত পুরোনো নাম বা স্লোগানগুলো রং দিয়ে মুছে দেওয়ার নির্দেশনা থাকে। এরপরও দু-একটি বস্তায় চোখের অগোচরে আগের লেখা থেকে যেতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খাদ্য কর্মকর্তা ও ওসিএলএসডির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিতর্ক এড়াতে বিতরণকেন্দ্রে থাকা বাকি বস্তাগুলোর লেখা মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
গৃহীত