
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার বিভিন্ন সড়কে অবৈধ দখল, ভাসমান দোকান ও যানজট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে রায়পুর পৌরসভার আওতাধীন বিভিন্ন সড়কে থাকা অস্থায়ী ভাসমান দোকান, ভ্যানগাড়ি, হকার ও অবৈধভাবে সড়ক দখলকারীদের আগামীকাল সকাল ১০টার মধ্যে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রায়পুর পৌরসভার থানার মোড় থেকে নর্দমা পর্যন্ত রায়পুর-চাঁদপুর মহাসড়কের উভয় পাশ, রায়পুর গোডাউন রোড, আলিয়া মাদ্রাসা সড়ক, গাজী মার্কেট সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে ভাসমান দোকান, ভ্যানগাড়ি ও মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও ভোগান্তি।
এ অবস্থায় সংশ্লিষ্ট দোকানদার, হকার ও ভ্যানচালকদের দ্রুত সড়ক দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে কঠোর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এছাড়া ভবিষ্যতেও পৌর এলাকার সড়কে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে পৌর আইন ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নির্দেশক্রমে এ ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও রায়পুর পৌরসভার প্রশাসক।