
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ির সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তছলিম উদ্দিন রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাখালিয়া এলাকার বাসিন্দা ও পেশায় ড্রাইভার তছলিম উদ্দিন (৪৯) বুধবার রায়পুর থানায় জিডি করেন। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী মতিন, জাহানারা, সাজু ও সবুজের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।
তছলিম উদ্দিনের দাবি, প্রায় ১৫ বছর আগে ক্রয় করা জমির সীমানা নিয়ে অভিযুক্তরা নতুন করে দাবি উত্থাপন করে তার বসতবাড়ির বাউন্ডারির ভেতরে জমি রয়েছে বলে অভিযোগ করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
গত ২৭ মে অভিযুক্তরা হাতুড়ি, সাবলসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তার বসতবাড়ির সীমানা দেয়ালে আঘাত করে ভাঙচুর চালায়। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া তার চলাচলের রাস্তায় বিভিন্নভাবে পানি আটকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তছলিম উদ্দিন আরও জানান, ভাঙচুরে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মতিন বলেন, “আমার স্ত্রী সেখানে গিয়েছিলেন, তবে পুরো ঘটনার বিষয়ে আমি অবগত নই।”
রায়পুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।