
রাতের আঁধার নামলেই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নতুন বাজার এলাকায় শুরু হয় ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচল। ভারী ও বিকট শব্দের এসব ট্রাকের তাণ্ডবে কাঁপতে থাকে আশপাশের বাসাবাড়ি ও বহুতল ভবন। ফলে প্রতি রাতেই কেঁপে কেঁপে ঘুম ভাঙছে এলাকাবাসীর। জরাজীর্ণ ও ভাঙা সড়কের কারণে সৃষ্টি হওয়া দীর্ঘদিনের ভোগান্তির মাঝে এই ড্রাম ট্রাকের অবাধ চলাচল যেন ‘কাটা গায়ে লবণের ছিটা’ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে রায়পুরের নতুন বাজার হয়ে কামাল সড়কটিতে অতিরিক্ত ওজনের ড্রাম ট্রাকগুলোর অবাধ যাতায়াত চলছে। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিন-রাত সমান তালে এসব যান চলাচলের কারণে একদিকে যেমন প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে , অন্যদিকে সড়কটি আরও বিপজ্জনক হয়ে পড়ছে।
নতুন বাজার এলাকার স্থানীয় বাসিন্দা পরাণ আক্ষেপ প্রকাশ করে বলেন, "সন্ধ্যার পর থেকেই এই ড্রাম ট্রাকগুলোর আনাগোনা ও বেপরোয়া গতি বেড়ে যায়। ট্রাকগুলো যখন রাস্তা দিয়ে যায়, তখন ভবনের ভেতরে থাকা মানুষ আতঙ্কে থাকেন। মনে হয় যেন ভূকিম্প হচ্ছে! রাতে একটু শান্তিতে ঘুমানোর উপায় নেই।"
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, সড়কটি এমনিতেই দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরা। তার ওপর অতিরিক্ত পণ্যবোঝাই ড্রাম ট্রাক চলাচলের কারণে ধুলোবালি ও শব্দের দূষণ চরম আকার ধারণ করেছে। বৃদ্ধ, শিশু ও অসুস্থ রোগীদের জন্য পরিস্থিতি দিন দিন অসহনীয় হয়ে উঠছে।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব ও সড়ক রক্ষা করতে রাতের বেলা ড্রাম ট্রাক চলাচল সুনির্দিষ্ট নিয়মে আনা এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।