
আবু মুসা মোহন:- চাঁদপুরের নুরুন্নাহারের সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মানিকছড়ির লাব্রেঅং মারমার। পরবর্তীতে গত মঙ্গলবার নুরুন্নাহার মানিকছড়িতে এসে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন মাসানু মারমা। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
জানা যায়, লাব্রেঅং মারমা আগে থেকেই বিবাহিত এবং তার প্রথম স্ত্রীর ঘরে দুই সন্তান রয়েছে। তবে প্রথম স্ত্রী এই বিয়েকে মেনে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন একজন ব্যক্তি যখন প্রথম সংসারের ব্যয়ভারই কষ্টে বহন করেন, তখন দ্বিতীয় সংসারের দায়িত্ব নেওয়া কতটা যুক্তিযুক্ত?
স্থানীয়দের মতে, এমন ঘটনা সামাজিকভাবে প্রভাব ফেলতে পারে। কেউ কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখলেও, অন্যরা বলছেন এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে আরও অনুরূপ ঘটনার উৎসাহ দিতে পারে।
লাব্রেঅং মারমা পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল (বাইক) চালক। তার আর্থিক অবস্থার বিষয়টিও আলোচনায় এসেছে।