
প্রয়াত জননন্দিত চেয়ারম্যান মোজাম্মেল হক সাহেবের অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন, উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জনগণের প্রতি তাঁর অঙ্গীকার পূরণের প্রত্যয় নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. মনিরুল হক সোহাগ।
রোববার সন্ধ্যায় রায়পুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় কেরোয়া ইউনিয়নের বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনিরুল হক সোহাগ বলেন, তাঁর প্রয়াত বাবা চেয়ারম্যান মোজাম্মেল হক ছিলেন জনগণের জনপ্রিয় নেতা। বাবার আদর্শ, সততা ও মানুষের সেবা করার শিক্ষা বুকে ধারণ করে তিনি কেরোয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান।
তিনি বলেন, “আমার বাবার কিছু স্বপ্ন ও পরিকল্পনা অসম্পূর্ণ রয়ে গেছে। তাঁর সেই অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন এবং কেরোয়া ইউনিয়নের উন্নয়নের ধারা আরও এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে কেরোয়া ইউনিয়নকে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।