
আবু মুসা মোহন:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ থেকে বাসাবাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যায়। এতে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত সড়কটি মেরামত করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।