লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে অসহায় এক নারীকে চোখের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ এলাকার মানিকে পুলের কাছে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন পাটোয়ারী, জহির হাজারী ও শরিফ হোসেন বাপ্পি, সংগঠনের সভাপতি আব্দুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় সংগঠনের উপদেষ্টা মো. জহির হোসেন হাজারী বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক কার্যক্রম রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে অব্যাহত থাকবে। এ ছাড়া সালেহার ঘর সংস্কারের জন্যও আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন সংগঠনের নেতারা। এটি তাদের ৩৯ তম কার্যক্রম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ মানবিক কার্যক্রম বাস্তবায়নে দেশ-বিদেশ থেকে যাঁরা আর্থিক সহযোগিতা করেছেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে থেকেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে।
সংগঠনের প্রত্যাশা, এ ধরনের ক্ষুদ্র উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করবে।
মানবতার কল্যাণে কাজ করা এবং সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।