লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে ৪১তম মানবিক কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র এক পরিবারের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন পাটোয়ারী, মো. জহির হোসেন, মাসুদুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ খান, সদস্য শাহজাহান মাঝি এবং রায়পুর বাজারের বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক এম আর সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংগঠনের উপদেষ্টা মো. জহির হোসেন বলেন, ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের এ মানবিক কার্যক্রমে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে প্রবাসে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধা ভাই এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে, সংগঠনের কার্যালয়ে প্রথমবারের মতো আগমন উপলক্ষে উপদেষ্টা মাসুদুর রহমান বেপারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।