
পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় হতদরিদ্র মানুষের পাশে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন রায়পুর উন্নয়ন ফোরাম। সোমবার (৯ মার্চ) সকালে রায়পুর নতুন বাজারের ঈদগাহ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রায়পুর উন্নয়ন ফোরামের সভাপতি বেল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী।
মানবাধিকার কর্মী এমএ রহিমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্ল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাজমুল হুদা, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মিয়াজি, জামায়াত নেতা প্রফেসর মনির আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম, বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন মিয়াজিসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রায়পুর উন্নয়ন ফোরাম একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি রায়পুর উপজেলার সার্বিক উন্নয়নকে লক্ষ্য করে কাজ করছে। বিশেষ করে আধুনিক কৃষি, মৎস্য ও গবাদিপশু পালন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আইসিটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বক্তারা আরও বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলাই রায়পুর উন্নয়ন ফোরামের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী আমিন উল্ল্যা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।