লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ এলাকায় গ্রামীণ ব্যাংকের মূল ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন খানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে মীরগঞ্জ এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে দুই ব্যক্তি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও ব্যাংক সংশ্লিষ্টদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ব্যাংকটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন খানকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে।
ঘটনার কারণ ও আগুন দেওয়ার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।