লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নতুন রেললাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া এক আবেদনপত্রে তিনি রায়পুরকে দেশের বিদ্যমান রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে নতুন রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আবেদনপত্রে এমপি আবুল খায়ের ভূঁইয়া উল্লেখ করেন, লক্ষ্মীপুর জেলার রায়পুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল উপজেলা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। এতে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন ও যাত্রী চলাচলে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, রায়পুরে নতুন রেললাইন স্থাপন করা হলে লক্ষ্মীপুর জেলার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন বিকাশসহ জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি সড়কপথের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন সুবিধা পাবেন।
আবেদনপত্রে রায়পুরে রেললাইন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।