
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজীরচর গ্রামের মিজি বাড়িতে পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ভুক্তভোগী নারী প্রায় ১০ বছর ধরে তার পিতার বাড়িতে চার মেয়েসন্তানসহ বসবাস করছেন। এই সময় বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।
গত ১০ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে বিবাদী মোঃ আবু কালাম , মোঃ রিয়াদ হোসেন , টুনি বেগম ও সুমি বেগম ,স্বামী মোঃ হাছানসহ কয়েকজন তার ঘরের ভেতরে প্রবেশ করে ভুক্তভোগী নারী ও তার সন্তানদের মারধর করেন। এ সময় তার কন্যা মিম, লামিয়া ও মাহি গুরুতরভাবে আহত হয়।
তাদের চিৎকারে প্রতিবেশী মোঃ নুরুননবী, সাদুল্লা রাড়ি ও মোঃ শাহাজান রাড়ি এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।