
নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে লক্ষ্মীপুরের রায়পুরে ৪০ জন নারীকে নিয়ে কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সালের ব্যক্তিগত উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
‘সমৃদ্ধ নারী, সমৃদ্ধ দেশ’, ‘নারীর ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এবং ‘স্বাবলম্বী নারী, সুখী পরিবার’—এমন স্লোগানকে সামনে রেখে উপজেলার পিছিয়ে পড়া নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রশিক্ষণের সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে রয়েছে কেক তৈরি, হ্যান্ড পেইন্ট, হস্তশিল্প, মিরর তৈরি, চুড়ি তৈরি, মাথার ব্যান্ড ও শোপিস তৈরি। এসব প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি ঘরে বসে কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এতে মোট ৪০ জন নারী অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
উদ্যোক্তা শাহারিয়ার ফয়সাল বলেন, সমাজের অনেক নারী পর্যাপ্ত সুযোগ ও প্রশিক্ষণের অভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছেন না। সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তাঁরাও নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। সেই লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে এ কর্মমুখী প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও প্রত্যাশা করেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং সম্মানজনকভাবে উপার্জনের পথ খুঁজে পাবেন।
প্রশিক্ষণসংক্রান্ত যোগাযোগের জন্য ট্রেইনার আমেনা আক্তার নিলুর মোবাইল নম্বর ০১৬৪২৭৯৫৩০০ দেওয়া হয়েছে।