“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।
রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।