
লক্ষ্মীপুরের রায়পুরে বাজারের দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে রায়পুর বাজার বণিক সমিতি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের ঘোষণাকে কার্যকর করতে সমিতির উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রায়পুর বাজারজুড়ে বর্ণাঢ্য ক্যাম্পেইন পরিচালনা করে বণিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় তারা বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
প্রচার অভিযানে ব্যবসায়ীদেরকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি, সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বণিক সমিতির নেতারা জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে তারা সবসময় সচেষ্ট এবং ব্যবসায়ীদের সচেতন করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।