লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শিরিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি বশির আহম্মেদের স্ত্রী।
বুধবার (১৫ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে পাশের ভাড়াটিয়ারা শিরিন আক্তারকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম ভূঁইয়া জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বশির আহম্মেদকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।