
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে তাসলিমা আক্তার নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁকে জোর করে ইঁদুর মারার ওষুধ খাওয়ানোর পর ঘরে তালাবদ্ধ করে স্বামী চলে গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বয়াতী বাড়ির মৃত মোহাম্মদ মিয়ার মেয়ে। প্রায় ১৩ বছর আগে তাঁর বিয়ে হয় লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকার আপসার উদ্দিন ব্যাপারী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে আবদুর রহিমের সঙ্গে। তাঁদের সংসারে রাবেয়া (১১) ও সুফিয়া (৫) নামে দুই মেয়ে রয়েছে।
নিহতের বাবার বাড়ির স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই আবদুর রহিম বিভিন্ন সময় তাসলিমাকে মারধর করতেন। এ নিয়ে একাধিকবার পারিবারিক সালিসও হয়েছে। প্রায় ২০ থেকে ২২ দিন আগে এ বিষয়ে স্থানীয়ভাবে একটি বৈঠক হয়। সেখানে তাসলিমাকে আর স্বামীর বাড়িতে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি বিবাহবিচ্ছেদের বিষয়েও আলোচনা করে তাঁর পরিবার।
তবে ওই বৈঠকের দিন রাতেই আবদুর রহিম স্থানীয় দুই-তিনজনকে সঙ্গে নিয়ে তাসলিমার বাবার বাড়িতে যান। বিভিন্নভাবে অনুরোধ ও আকুতি জানিয়ে তাঁকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে নেন। কিন্তু সেখানে ফিরে যাওয়ার পর এমন পরিণতি হবে, তা ভাবতে পারেননি তাঁর পরিবারের সদস্যরা।
নিহতের দুই মেয়ে পরিবারের কাছে অভিযোগ করে জানায়, তাদের বাবা প্রায়ই মাকে মারধর করতেন। সর্বশেষ তাঁকে জোর করে ইঁদুর মারার ওষুধ খাইয়ে ঘরে তালা লাগিয়ে চলে যান। পরে স্থানীয় লোকজন ঘরের তালা ভেঙে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাসলিমার মরদেহ বাবার বাড়িতে নিয়ে আসার পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্ত স্বামী আবদুর রহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।