
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ এপ্রিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল বারাকাত সৌরভ এবং সদস্য সচিব করা হয়েছে হাসিবুর রহমান অভিকে। সিনিয়র আহ্বায়কসহ ১৮ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহ্বায়কদের মধ্যে স্থান পেয়েছেন রায়পুরের দুই ছাত্রনেতা মাহফুজুর রহমান হৃদয় ও নজরুল ইসলাম নিশাত।
জানা যায়, মাহফুজুর রহমান হৃদয় বর্তমানে রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নজরুল ইসলাম নিশাত রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে সক্রিয়ভাবে সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন।
দলীয় সূত্রে আরও জানা গেছে, নবগঠিত এ আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।