লক্ষ্মীপুরের রায়পুরে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই কান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পান্না বেগম, হিসাবরক্ষণ কর্মকর্তা ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপক আবদুস সাত্তার, পল্লী উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক তাহমিনা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোর্শেদ আলম এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।