লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের এমপিওভুক্ত এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে ‘এল.কে.এইচ মডেল স্কুল’ নামে একটি বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান চলছে। সরকারি অনুমোদন ছাড়াই কয়েকজন শিক্ষক নিয়োগ দিয়ে হারুন সর্দার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এলাকায় একাধিক প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবন কীভাবে ব্যক্তিগত প্রতিষ্ঠানের পাঠদানে ব্যবহার করা হচ্ছে?
স্থানীয় সূত্রে জানা যায়, এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে ‘এল.কে.এইচ মডেল স্কুল’ নামে প্রাথমিক পর্যায়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন হারুন সর্দার। তিনি একসময় ৮ নম্বর চরবংশী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
মডেল ইস্কুলের প্রধান শিক্ষক হারুন সরদার জানান, এটি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান বিদ্যালয়ের আয়বে আমি নিজেই নেই। মিজান (প্রধান শিক্ষ) স্যারের অনুমতিক্রমে আমি বিদ্যালয় ভবনটি ব্যবহার করছি।
এ বিষয়ে জানতে চাইলে এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “সকল মাধ্যমিক বিদ্যালয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের শাখা থাকে। আমাদের এখানে না থাকায় উচ্চ বিদ্যালয়ের মান বৃদ্ধির লক্ষ্যে হারুন সর্দারকে দায়িত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের প্রয়োজনে আমরা হাইস্কুলের সঙ্গে প্রাথমিক প্রতিষ্ঠান করেছি। আশপাশেও এ ধরনের আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে।”
তবে প্রধান শিক্ষকের এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, “মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে প্রাথমিক বিদ্যালয় চালু করার কোনো সুযোগ নেই। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ বিষয়ে আমরা তদারকি করছি।”
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজে ব্যবহারের বৈধতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।