লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নং ওয়ার্ডে ডাকাতিয়া নদীর কোলঘেঁষে জরাজীর্ণ ঘরে স্বামীহারা ও নিঃসন্তান সালেহা বেগমের মানবেতর জীবনের সংবাদ সম্প্রচারের পর এগিয়ে এসেছে মানবিক সংগঠন অনুপ্রেরণার শিকড়।
৪ মার্চ বুধবার বিকেলে সংগঠনটির ফাউন্টিং মেম্বার ওয়াসিম মোস্তফা মেহেরান, আদিয়াতুল ভুবন, ফাহিম পাটওয়ারী ও মো: ওমরসহ একটি প্রতিনিধিদল সালেহার খোঁজে রায়পুর পৌর ১ নং ওয়ার্ডে তার বসতঘরে যান। সেখানে গিয়ে তারা তার দুরবস্থা প্রত্যক্ষ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সালেহার কষ্টের জীবনযাপন তাদের নাড়া দিয়েছে। তারা তার জন্য একটি নিরাপদ ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও তার খোঁজখবর রাখা হবে বলেও আশ্বাস দেন তারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন সালেহা। সংবাদ প্রকাশের পর মানবিক সংগঠনটির এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
মানবিক সহায়তার এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সালেহার স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন।