লক্ষ্মীপুরের রায়পুরে গ্রেপ্তার হওয়া নাজমুল হাসান মামুন (৩১) দেশের মোস্ট ওয়ান্টেড পাঁচ বোমাবাজের একজন বলে জানিয়েছে পুলিশ। ককটেল বিস্ফোরণ, তিনজনকে ছুরিকাঘাত এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম ও ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে তিনি রায়পুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এদিকে, বুধবার (১৮ নভেম্বর) লক্ষ্মীপুর আদালত মামুনের সহযোগী জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামুনের পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে আরও ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আবেদনটি শুনানির অপেক্ষায় রয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনায় নাজমুল হাসান মামুনকে আটক করে পুলিশ। আটকের সময় পরিচয় গোপন করে তিনি নিজেকে সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর উপজেলায় বলে পরিচয় দেন।
পরে তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ছাড়া বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের নেতৃত্বে একটি দল দক্ষিণ চরবংশীর চর কাচিয়া গ্রামের একটি খোলা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
স্থানীয় প্রতিবেশীরা জানান, প্রায় দুই মাস ধরে মামুনসহ কয়েকজন উত্তর চরবংশী এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করা হয়েছিল। বাড়ির আশপাশে যাতে কেউ যেতে না পারেন, সে ব্যবস্থাও ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাঁদের তেমন চলাফেরা বা যোগাযোগ ছিল না। এ কারণে স্থানীয় বাসিন্দারা তাঁদের সম্পর্কে তেমন কিছু জানতেন না। একই বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং উঠানের মাটির নিচে পুঁতে রাখা দুটি কৌটায় শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ‘নাজমুল হাসান মামুন দেশের মোস্ট ওয়ান্টেড পাঁচ বোমাবাজের একজন। পরিচয় গোপন করতে তিনি এর আগে সাইফুল ইসলাম সুজন নাম ব্যবহার করেছেন। বরিশালের কোতোয়ালি থানার রূপাতলী এলাকার বাসিন্দা হয়েও তিনি ভোলার সদর উপজেলার পরিচয় দিয়েছেন। দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। মামুনের পাঁচ দিনের রিমান্ড চলছে এবং তাঁর সহযোগী জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। তদন্তের অগ্রগতিও সন্তোষজনক।