মোঃ সায়েম হোসেন সাগর;
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির বাধা পেরিয়ে তাঁদের এই ব্যতিক্রমী বিয়ে এখন পুরো লক্ষ্মীপুরে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার জন্ম দিয়েছে।
সুমাইয়া আক্তার জানান, প্রায় এক বছর আগে শখের বশে খোলা একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ফাং ওয়েনজুনের সাথে তাঁর পরিচয় হয়। শুরুতে ওই চীনা যুবক বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ দেখিয়ে সুমাইয়াকে বার্তা পাঠান। প্রথম দিকে সুমাইয়া সাড়া না দিলেও পরবর্তীতে বাংলাদেশের প্রতি যুবকটির গভীর আগ্রহ দেখে কথা বলা শুরু করেন। আলাপচারিতার একপর্যায়ে যুবকটি বাংলাদেশে এসে তাঁকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। তখন সুমাইয়া জানান, তিনি একজন মুসলিম নারী এবং তাঁকে বিয়ে করতে হলে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। যুবকটি এতে সানন্দে রাজি হন এবং উভয় পরিবারের সম্মতিতে তিনি সম্প্রতি চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সেখান থেকে তাঁকে লক্ষ্মীপুরে নিয়ে আসা হয়। ফাং ওয়েনজুনের পরিবারে মা ও এক ভাই রয়েছেন বলে জানা গেছে।
সংগৃহীত নথি অনুযায়ী, ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের হলফনামা দাখিল করেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় তিনি ইসলাম গ্রহণ করেছেন। এতে তিনি আল্লাহর একত্ববাদ ও হজরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করার পাশাপাশি ইসলামের মৌলিক বিধিবিধান মেনে চলার অঙ্গীকার করেন। ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয় আব্দুর রহমান, যদিও পাসপোর্টসহ অন্যান্য দাপ্তরিক নথিতে তাঁর পূর্বের নামই বহাল রয়েছে। পরবর্তীতে ইসলামি শরিয়াহ ও আইনগত সব প্রক্রিয়া মেনে তাঁদের কাবিন ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নববধূ সুমাইয়া আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের মুক্তার হোসেন ও তাসলিমা আক্তারের মেয়ে। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া বিয়ের পর বর্তমানে স্বামী আব্দুর রহমানকে নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নানার বাড়িতে অবস্থান করছেন।
ভিনদেশি যুবকের সাথে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের কারো কারো মাঝে কিছুটা উদ্বেগ ও কৌতূহল দেখা দেয়। সাম্প্রতিক সময়ে বিদেশি কিছু প্রতারক চক্র বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণীদের বিদেশে নিয়ে পাচার বা বিক্রি করে দিচ্ছে—এমন আশঙ্কার কথাও আলোচনায় উঠে আসে।
তবে এমন সব শঙ্কা উড়িয়ে দিয়ে নববধূ সুমাইয়া আক্তার জানান, তাঁদের বিয়েটি সম্পূর্ণ বৈধ ও পারিবারিক সম্মতিতে হয়েছে। তিনি বলেন, “অনেকেই বিদেশি চক্রের মাধ্যমে পাচারের শঙ্কার কথা বলছেন, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। তাঁর পাসপোর্ট, হলফনামা ও আমাদের কাবিননামাসহ সব বৈধ কাগজপত্র রয়েছে। সে আমার মা ও ভাইয়ের সাথে সরাসরি কথা বলেই বাংলাদেশে এসেছে। তাকে স্বামী হিসেবে পেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।”
এদিকে, চীন থেকে এক যুবক এসে স্থানীয় মেয়েকে বিয়ে করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে উৎসুক জনতা ও সংবাদকর্মীদের ভিড় জমছে। স্থানীয় বাসিন্দারাও ভিনদেশি এই জামাইকে দেখতে আসছেন এবং নবদম্পতির জন্য শুভকামনা ও আনন্দ প্রকাশ করছেন।