আবু মুসা মোহন:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে সংবাদ সংগ্রহে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাংবাদিকরা। মাঠে গিয়ে তথ্য সংগ্রহ, ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো—সবকিছুই এখন হয়ে উঠেছে কঠিন।
স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হঠাৎ করেই পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় মোটরসাইকেল চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে জরুরি সংবাদ কাভার করতে দেরি হচ্ছে, অনেক ক্ষেত্রে ঘটনাস্থলে পৌঁছানোই সম্ভব হচ্ছে না। এতে করে সময়োপযোগী ও নির্ভুল সংবাদ পরিবেশনে ব্যাঘাত ঘটছে।
একাধিক সাংবাদিক জানান, সংবাদ সংগ্রহের জন্য প্রতিদিনই বিভিন্ন এলাকায় ছুটে যেতে হয়। কিন্তু তেল না থাকায় আমরা এখন কার্যত অচল হয়ে পড়েছি। এতে পেশাগত দায়িত্ব পালনে বড় বাধা সৃষ্টি হচ্ছে।
এদিকে সাধারণ মানুষও তেল সংকটে দুর্ভোগে পড়েছেন। তবে সাংবাদিকদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুতর হয়ে দাঁড়িয়েছে, কারণ তথ্যপ্রবাহ ব্যাহত হলে এর প্রভাব পড়ে পুরো সমাজে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের কাজের স্বার্থে অন্তত জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।