আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় চলমান ড্রেন নির্মাণ ও সিসি ঢালাই কাজ নিয়ে উঠেছে তদারকির অভাবের অভিযোগ। স্থানীয়দের দাবি, নিয়মিত কোনো প্রকৌশলীর সরাসরি উপস্থিতি না থাকায় কাজের মান নিয়ে উদ্বেগ বাড়ছে।
অভিযোগ রয়েছে, পৌর প্রশাসনের দৃশ্যমান নজরদারি ও অনুমোদিত প্রকৌশলীর তদারকি ছাড়াই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে। এতে নির্মাণকাজের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং ভবিষ্যতে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, নির্ধারিত নকশা ও পরিমাপ অনুসরণ না করে ড্রেন ও সিসি ঢালাই করা হলে অল্প সময়ের মধ্যেই তা নষ্ট হয়ে যেতে পারে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে কোনো প্রকৌশলীর উপস্থিতি দেখা না গেলেও এ বিষয়ে রায়পুর পৌরসভার সহকারী প্রকৌশলী জানান, সেখানে দায়িত্বপ্রাপ্ত লোকজন কাজ তদারকি করছেন এবং প্রয়োজন অনুযায়ী তারাও উপস্থিত থাকেন।
তবে এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা উর্ধ্বতন প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।