লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া এলাকায় চলাচলের রাস্তা জবরদখল করে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পৌরসভার কর্মচারী মনির হোসেন।
অভিযোগে মনির হোসেন বলেন, তিনি দলিল ও বায়না চুক্তির মাধ্যমে বিভিন্ন মালিকের কাছ থেকে মোট ৩৯ দশমিক ৫০ শতাংশ জমি এবং চলাচলের সুবিধার্থে অতিরিক্ত ১ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবারের সদস্যরা যাতায়াত করে আসছেন।
তার অভিযোগ, প্রতিবেশী আলতাফ হোসেন, মনোহার (মনোয়ার) হোসেন, তছলিম উদ্দিন ও শাহজাহান স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সহযোগিতায় জোরপূর্বক চলাচলের পথে বেড়া নির্মাণ করে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ করলে তাকে অশালীন আচরণ করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার স্ত্রী-সন্তানকে মারধরেরও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
মনির হোসেন আরও জানান, ঘটনার সময় তিনি মোবাইল ফোনে ছবি ধারণ করেছেন এবং প্রয়োজন হলে সাক্ষীদের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণ করবেন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তার সন্তানদের স্কুল-কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করেন।
লিখিত অভিযোগে তিনি আরও বলেন, একই বিষয়ে এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন। পরে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হলেও দীর্ঘ সময়েও কোনো কার্যকর প্রতিকার পাননি। পরবর্তীতে পূর্বের আবেদনটি খারিজের জন্যও পৃথক আবেদন করেন।
সবশেষে তিনি রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চলাচলের রাস্তা থেকে বেড়া অপসারণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মনোহার হোসেন রায়পুর উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির একজন কর্মকর্তা এবং অভিযোগকারী মনির হোসেন রায়পুর পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী।
এ বিষয়ে অভিযুক্ত মনোহার হোসেন বলেন, “এটি আমার পৈতৃক সম্পত্তি। আমি আমার জমির ওপর ও গাছপালার সুরক্ষার জন্য বেড়া দিয়েছি। কিন্তু মনির আমার দেওয়া বেড়া ভেঙে ফেলেছে।”