লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাবুরহাট সংলগ্ন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে কাঁটাতারের বেড়া দিয়ে হাঁটার পথ সংকুচিত করার অভিযোগ উঠেছে চৌধুরী মাঝিবাড়ির সেলিমের বিরুদ্ধে। এতে ওই পথে চলাচলকারী ৩০-৩৫টি পরিবারের সদস্যরা ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, ওই পথে ৭-৮টি বাড়ির প্রায় ৩০-৩৫টি পরিবারের মানুষ নিয়মিত চলাচল করেন। কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ায় পথটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে চলাচলের সময় শিশু ও পথচারীদের জামাকাপড় প্রায়ই কাঁটাতারে আটকে ছিঁড়ে যায়। এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
ভুক্তভোগী মনির, আবদুর রহিম, ইব্রাহিম, সেলিম ও মাসুদসহ স্থানীয়রা জানান, রহমানিয়া উচ্চ বিদ্যালয় কাছাকাছি হওয়ায় এ পথ দিয়ে প্রতিদিন অনেক শিক্ষার্থী যাতায়াত করে। সংকুচিত পথ ও কাঁটাতারের কারণে শিক্ষার্থীদের চলাচলেও ঝুঁকি তৈরি হয়েছে। তাঁরা পথটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেলিম বলেন, “আমার পরিবারের সদস্য বেশি, জমি কম। তাছাড়া গাছ রক্ষা করতে বেড়া দিয়েছি।”
এ বিষয়ে রায়পুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জানান, তিনি আগে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছেন বলে জানান তিনি।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যাতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারেন।