লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীসংলগ্ন সৌন্দর্যমণ্ডিত সাজু মোল্লার ঘাটকে আরও দৃষ্টিনন্দন করতে উদ্বোধন করা হয়েছে ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’। রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকেলে এ পরিচ্ছন্ন প্রাঙ্গণের উদ্বোধন করা হয়।
প্রকৃতির মনোরম পরিবেশে মেঘনা নদীর তীরে অবস্থিত সাজু মোল্লার ঘাট দীর্ঘদিন ধরে পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে আসছে। ঘাটটির সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন কবিরাজসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনকালে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, “প্রকৃতির এই লীলাভূমির ময়লাযুক্ত স্থানটিতেও আমি সৌন্দর্য অনুভব করেছি। প্রান্তিক পর্যায়ের পেশাজীবী ও দূরদূরান্ত থেকে ছুটে আসা পর্যটকদের জন্য স্থানটিকে আরও প্রাণবন্ত করে তুলতে এটি আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা।”
তিনি স্থানীয়দের উদ্দেশে আরও বলেন, এ পরিচ্ছন্ন প্রাঙ্গণের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা এখন সবার দায়িত্ব। স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় স্থানটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখা সম্ভব হবে।