আতোয়ার রহমান মনির:
লক্ষ্মীপুরে স্থানীয়দের সহযোগিতায় ৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরকসবা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন দুই যুবক। বিষয়টি নজরে এলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে খবর পেয়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ তল্লাশি করলে ৯ পিস ইয়াবা উদ্ধার হয় বলে দাবি করা হয়। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদার হোসেন জানান, আটক দুই যুবক হলেন চরমনসা এলাকার মো. হারুন এবং বিনোদধর্মপুর গ্রামের আকরাম হোসেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”