লক্ষ্মীপুরের রায়পুরে কলছুমা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ উঠেছে গ্রাম পুলিশ আরিফ হোসেন, তাঁর স্ত্রী কুসুম বেগম ও মা আমেনা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের উত্তর চরপাতা গ্রামের ওমর আলী খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় বৃদ্ধার চোখ বরাবর টর্চলাইটের আলো ফেললে তিনি ‘কে কে’ বলে ডাক দেন। এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও থেঁতলানো জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বৃদ্ধার চিৎকার শুনে সাক্ষী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে পরবর্তী সময়ে সুযোগ পেলে প্রাণে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, গ্রাম পুলিশ আরিফ হোসেন নিজের পরিচয় ও প্রভাব দেখিয়ে এলাকায় বিভিন্ন সময় অপকর্ম করেন। তাঁর বিরুদ্ধে চুরির মামলায় কারাভোগের অভিযোগও করেন তাঁরা। এ ছাড়া তাঁর স্ত্রী কুসুম বেগমের বিরুদ্ধে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং এর আগে এক পুরুষের গোপনাঙ্গ কর্তনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগও করেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত আরিফ হোসেন বলেন, এরকম কোন ঘটনা ঘটেনি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।