লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিক্ষুব্ধ স্থানীয়রা চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ করেছেন। টানা কয়েকদিন বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় জনতা মহাসড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানান, গত পাঁচ দিন ধরে এলাকায় বিদ্যুতের তীব্র সমস্যা চলছিল। দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বারবার অভিযোগ দিয়েও কার্যকর সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নামেন।
এদিকে রায়পুরে পল্লী বিদ্যুতের চলমান সমস্যা সমাধানে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, “জনগণের ভোগান্তি নিরসনে আমি সবসময় আন্তরিক। রায়পুরবাসীর স্বার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।”
পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। তাদের উপস্থিতির কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং অবরোধ তুলে নেন স্থানীয়রা।
স্থানীয়দের আশা, জরুরি বৈঠকের মাধ্যমে রায়পুরের দীর্ঘদিনের পল্লী বিদ্যুতের সমস্যার দ্রুত স্থায়ী সমাধান হবে।