তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় উৎসাহিত করতে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন মো. জহিরুল ইসলাম মুন্সী। তিনি ৫ নম্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী।
মঙ্গলবার বিকেলে রায়পুর উপজেলার ৫নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্মাণাধীন মিনি স্টেডিয়ামে স্থানীয় খেলোয়াড়দের মাঝে বিভিন্ন ক্রীড়া উপকরণ উপহার দেন জহিরুল ইসলাম মুন্সী। তাঁর এ উদ্যোগে খেলোয়াড় ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্থানীয়রা জানান, বিভিন্ন দুর্যোগ ও দুঃসময়ে—বন্যা, ঘূর্ণিঝড় সিডর ও করোনাকালীন সময়সহ—জহির মুন্সী সবসময় এলাকার গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবিক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের কাছে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত বলে দাবি করেন তারা।
জহিরুল ইসলাম মুন্সী বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ কারণেই খেলোয়াড়দের উৎসাহিত করতে আমার এই উদ্যোগ। আগামী দিনেও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ার্ডবাসীর পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, সুযোগ পেলে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন।
জহির মুন্সীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও খেলোয়াড়রা।