লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পক্ষিরচর গ্রামের মাতাব্বর বাড়িতে পৈতৃক সম্পত্তিতে স্থাপনা নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে মা ও ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আমিত জাহান বেগম ও তার ছেলে রাজিব মাতাব্বর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গত ৩০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন রাজিব মাতাব্বর।
রাজিব মাতাব্বরের অভিযোগ, তাদের ঘরের পাশের পৈতৃক সম্পত্তিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু করলে তিনি এতে বাধা দেন। এ সময় প্রতিবেশী জহির, জাফর, আরিফ, হান্নানসহ ৭-৮ জন তাকে মারধর করেন। ছেলেকে মারধরের ঘটনা দেখে তার মা আমিত জাহান বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
রাজিব মাতাব্বর বলেন, “ওই জমি নিয়ে মামলা চলমান রয়েছে। থানার পক্ষ থেকেও নির্মাণকাজে নিষেধ করা হয়েছে। এরপরও তারা সেখানে নির্মাণকাজ শুরু করলে আমি বাধা দিই। তখন কয়েকজন মিলে লোহার রড দিয়ে আমাকে ও আমার মাকে মারধর করে।”
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তার জমিতে গেলে পা গুঁড়িয়ে দেওয়া, ঘর জ্বালিয়ে দেওয়া এবং তাকে গুম করার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
রাজিবের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী শাহজাহান মোল্লা এ ঘটনায় বিবাদীদের পৃষ্ঠপোষকতা করছেন। এবং সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগও তোলেন।
তবে শাহজাহান মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রাজিব মাতাব্বরসহ প্রতিবেশীদের নতুন নির্মাণাধীন ভবন ভেঙে তারা নিজেদের কাপড় ছিঁড়ে থানায় গেছেন।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও তদন্তের পর প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।