দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৭১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০৬, চট্টগ্রাম বিভাগে ২৭২, বরিশাল বিভাগে ২১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬, রাজশাহী বিভাগে ১০৫, ময়মনসিংহ বিভাগে ৯৮, রংপুর বিভাগে ৬৬ এবং সিলেট বিভাগে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ১২৩ জন, খুলনায় ৫২, চট্টগ্রামে ২৫, ময়মনসিংহে ২৩, বরিশালে ২২, রাজশাহীতে ১৮, রংপুরে ৬ এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে।