নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ খুঁটি ও সূক্ষ্ম ফাঁসের জাল দিয়ে অবাধে শিকার করা হচ্ছে ইলিশের পোনা ও জাটকা। এতে ইলিশের উৎপাদন হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীতে পোনা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত একশ্রেণির পাহারাদারের সঙ্গে অসাধু জেলেদের আঁতাতের অভিযোগ উঠেছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা।
ইলিশের পোনা ও জাটকা সংরক্ষণে ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত অভিযান চলার কথা থাকলেও রায়পুরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ জালের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জেলে ও সচেতন নাগরিকরা।
স্থানীয় জেলেদের অভিযোগ, নদীতে খুঁটি স্থাপন করে বাঁধা জাল, সাইনজাল, বেহুন্দি জাল ও কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এসব জালে ইলিশের পোনার পাশাপাশি পোয়া, তপসি, টেংরাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা আটকা পড়ে মারা যাচ্ছে।
রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের জেলে মফিজ মাঝি অভিযোগ করে বলেন, নদীতে পোনা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত পাহারাদারদের ম্যানেজ করে অসাধু জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন। এতে চোখের সামনেই ধ্বংস হচ্ছে মাছের পোনা।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে নির্বিচারে পোনা নিধন চলতে থাকলে আগামী মৌসুমে ইলিশ আহরণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাঁদের মতে, নদীতে নিয়মিত নজরদারি, নিষিদ্ধ জাল উচ্ছেদ এবং হাটবাজারে জাটকা বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিকে সোমবার ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার কাটাখালী এলাকায় মেঘনা নদীতে কোস্ট গার্ডসহ অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ খুঁটি ও জাল জব্দ করা হয়। জাল পুড়িয়ে ধ্বংস এবং খুঁটি কেটে উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। তবে রায়পুরের নদী এলাকায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, নদীতে অবৈধ জাল ও জাটকা নিধন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জনবল ও নৌযানসংকটের কারণে নদীর সব এলাকায় একসঙ্গে নজরদারি করা কঠিন হয়ে পড়ে। দায়িত্বপ্রাপ্ত কারও বিরুদ্ধে অসাধু জেলেদের সঙ্গে আঁতাতের প্রমাণ পাওয়া গেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, রায়পুরের মেঘনা নদীতে নিষিদ্ধ খুঁটি ও জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান, দায়িত্বপ্রাপ্ত পাহারাদারদের কার্যক্রম তদারকি এবং হাটবাজারে জাটকা বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় দেশের গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ ইলিশের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।