এম আর সুমন:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে মেঘনা নদীর সংযোগ খালে ১৩টি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জামায়াত নেতা হুমায়ুনের নেতৃত্বে এসব ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এতে মেঘনাপাড়ের শত শত মানুষের মধ্যে নদীভাঙন আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমি ও বসতভিটা নদীভাঙনের ঝুঁকিতে পড়তে পারে। এ আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। অনেকেই নিজেদের ঘরবাড়ি ও কৃষিজমি হারানোর শঙ্কা প্রকাশ করছেন।
এলাকাবাসীর অভিযোগ, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের কবলে পড়তে পারে। এতে শত শত পরিবার বসতভিটা ও ফসলি জমি হারানোর ঝুঁকিতে পড়বে।
স্থানীয় বাসিন্দারা অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত হুমায়ুনের বক্তব্য এবং সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।