শিক্ষার্থীদের মেধা, জ্ঞান ও দেশপ্রেম বিকাশের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রায়পুর পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ.বি.এম জিলানী। রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব যোবায়েরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনির ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করতে এ ধরনের মেধাভিত্তিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।