লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জনকারী ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
শনিবার (২১ নভেম্বর) রায়পুরের গুহা কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল বাশার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. ন. ম. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্রাগ অ্যান্ড কেমিস্ট মালিক সমিতি ও রায়পুর বাজার হাসপাতাল মালিক সমিতির সভাপতি ইজাজ হোসেন রোমান, শিক্ষক, শিক্ষার্থী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তাঁরা শিক্ষার গুরুত্ব, মেধা ও মননশীলতার বিকাশ এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেনা আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুরাদ। তিনি বলেন, করোনাকালীন সময় ও বিভিন্ন দুর্যোগে তাঁরা মানুষের পাশে ছিলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্রসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষকে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসাহের সৃষ্টি হয়।