লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সুলতানিয়া স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাবুরহাট ব্যবসায়ী একাদশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলার সঙ্গে পরিচিত ও সম্পৃক্ত করতে প্রতিটি ইউনিয়নে দুটি করে আধুনিক খেলার মাঠ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। এ ক্ষেত্রে সরকার সবসময় খেলাধুলার উন্নয়নে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড.এম. নাজমুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার আলম মোল্লা, বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহীম খাঁনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়া ৩নং চরমোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন সূফি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট কমিটির প্রধান জালাল উদ্দিন রানা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টের ফাইনাল ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।