শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে তৃতীয় বর্ষের আয়োজন করেছে সনাতনী সর্বোত্তম (রায়পুর)। শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেল থেকে রায়পুরের শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যা ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহিষাসুর বধ পালা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি। এদিনের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা এবং শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে। পাশাপাশি পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করারও প্রচলন রয়েছে।
এ উপলক্ষে রায়পুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপম সাহা বলেন, “প্রতি বছর দেবী দুর্গার আগমনী বার্তা উপলক্ষে এই শুভ মহালয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেবী দুর্গার ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হয়। রায়পুর পৌর পূজা উদযাপণ কমিটিকে সক্রিয় ও সকল সনাতনীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে এরকম পূজা রায়পুরে অব্যাহত থাকবে।