লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ জমি জটিলতায় বাধাগ্রস্ত হওয়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
জানা যায়, বিদ্যালয়ের ৫০ শতক জমির মধ্যে রেকর্ড রয়েছে ৪২ শতক। বর্তমানে বিদ্যালয়ের দখলে আছে মাত্র ১৭-১৮ শতক জমি। দাতা সদস্য মৃত হাজী অলিউল্লাহর দুই ওয়ারিশ আব্দুল খালেক ও মালেক তাদের দাবি করা অংশে বেড়া দেওয়ায় ভবন নির্মাণসহ উন্নয়ন কাজ আটকে রয়েছে।
এর আগে ভবন নির্মাণের একটি প্রকল্প বাস্তবায়ন হয়নি। চলতি বছরেও প্রায় ২ কোটি ২০ লাখ টাকার নতুন প্রকল্প অনুমোদন পেলেও একই জটিলতায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এতে জরাজীর্ণ ভবনে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থী কমে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
সরকারি সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করা হলেও তা মানছেন না সংশ্লিষ্ট ওয়ারিশরা। দ্রুত সমস্যা সমাধান ও ভবন নির্মাণের দাবিতে এলাকাবাসী আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে আব্দুল খালেক বলেন, এটি আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি। আমরাও চাই স্কুল হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওসার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।