লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
১ মার্চ (রবিবার) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওসার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।
অভিযানে পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে কয়েকজনকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বার্থে ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ দখলদারদের স্বেচ্ছায় ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।