পুরনো আইন দিয়ে বর্তমান সময়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক অনেক গভীরে বিস্তার করেছে। তাই বর্তমান বাস্তবতায় মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়নে সরকার কাজ করছে।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্যসাগরদী জামে মসজিদের সামনে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জাতীয় সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। পাশাপাশি জুয়ার বিরুদ্ধে কঠোর আইনও করা হচ্ছে। সরকার দীর্ঘমেয়াদে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলাম সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় মাদক সেবন ও বেচাকেনা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে এলাকার সচেতন নাগরিক, যুবসমাজ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কর্মসূচি থেকে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।