লক্ষ্মীপুরের রায়পুরে আব্দুল মতিন নামে এক যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বাম চোখের ওপরে ও নিচে জখম হয়েছে। চোখের নিচে তিনটি সেলাই দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিকাশে থাকা ১ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১১টা ৫০ মিনিটে উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মতিন চরমোহনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী। এ ঘটনায় জাহেদ হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে রায়পুর থানায় এজাহার দিয়েছেন তিনি।
এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর একটি বাড়িতে চুরির ঘটনায় জাহেদকে পুলিশে সোপর্দ করা হয়েছিল। জামিনে মুক্তির পর পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেওয়ার অভিযোগে মতিনকে হুমকি দিয়ে আসছিলেন তিনি। এর জের ধরে সোমবার সেলুনে যাওয়ার পথে জাহেদসহ ৮-১০ জন ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং ১ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় আহত মতিনের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা। তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রায়পুর থানায় এজাহার দেওয়া হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।