জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে রায়পুরের শহীদ ওসমান চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, “দেশের আপামর জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন।” তিনি আরও বলেন, “যারা দীর্ঘদিন গোপনে ছিল, তারাই এখন নিজেদের জুলাইয়ের যোদ্ধা দাবি করছেন।”
তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাবে।”
সভাপতির বক্তব্যে এ বি এম জিলানী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।