লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রায়পুর উপজেলা শাখার সাতজন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। সোমবার সন্ধ্যায় রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।
নবযোগদানকারী নেতাকর্মীরা হলেন— সাব্বির, আল-আমিন, রায়হান, আকাশ, তুহিন, তানজিল ও সিয়াম।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল ও বিএনপির নেতারা বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করতে তরুণদের এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের এই অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী করবে।
নবাগত নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং ছাত্রদলের কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন।