স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর উদ্যোগে রায়পুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (TLCC)-এর বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে রায়পুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাওসার। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, ওসি (তদন্ত) আবদুল মান্নান, রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, রায়পুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় পৌর এলাকার অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনকে গুরুত্ব দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বড় মালবাহী ট্রাক চলাচলের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ, হকারদের পুনর্বাসনের মাধ্যমে সড়ক দখলমুক্ত রাখা এবং দীর্ঘমেয়াদি ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরা হয়।
এছাড়া জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানির সংকট সমাধান, পৌর কর বিষয়ে জনমত গ্রহণ, পৌর বিনোদন ব্যবস্থার উন্নয়ন, পৌর ডাম্পিং ব্যবস্থাপনা, সুইপার কলোনি নির্মাণ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং রাস্তা উন্নয়নসহ পৌরসভার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নিয়মিত তদারকির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা পৌর উন্নয়নে জনগণের অংশগ্রহণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, স্থানীয় জনগণের সদিচ্ছা ও সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় প্রশাসকের পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচার এবং প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভা শেষে রায়পুর পৌরসভার সচিব মাসউদ মোরশেদ খসড়া বাজেট উপস্থাপন করেন। পরে উপস্থিত সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মূল্যবান মতামত প্রদান করেন।