লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রায়পুর উপজেলা ৩নং চরমোহনা ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ফারুক হোসেন সুমন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, ফারুক হোসেন সুমন ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। শুরুতে তিনি ৩নং চর মোহনা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সুনামের সাথে পালন করেন। পরবর্তীতে কর্মসংস্থানের তাগিদে প্রবাসে পাড়ি জমালেও ‘রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদল’-এর ব্যানারে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় ফারুক হোসেন সুমন বলেন, “সুদীর্ঘ সময় প্রবাসে থাকলেও আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে যুক্ত ছিলাম। চর মোহনা ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার এবং প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রার্থী হয়েছি। দল যদি আমার বিগত দিনের ত্যাগ বিবেচনা করে চূড়ান্ত মনোনয়ন দেয়, তবে ইউনিয়নবাসীর সার্বিক সেবা ও সুশাসন নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”
এদিকে সাবেক এই ছাত্রনেতার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।